নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের তৃতীয় দিনে চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এই গুলো জয় পেয়েছে মণিরামপুর উপজেলার বালক ও বালিকা দল, ঝিকরগাছা উপজেলার বালক দল ও অভয়নগর উপজেলার বালিকা দল। জয়ী দলগুলো প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে।
মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের প্রথমটিতে সাডেন ডেথে জয় পেয়েছে বাঘারপাড়া উপজেলা। তাদের কাছে পরাজিত হয়েছে ঝিকরগাছা উপজেলা। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় শেষ হয়। তিন মিনিটে প্রথম গোলের সূচনা করেন ঝিকরগাছা উপজেলার রিক্তা খাতুন। ৩৭ মিনিটে সমতা সূচক গোলটি করেন বাঘারপাড়ার নুপুর। পরে টাইব্রেকারেও ৩-৩ গোলে সমতা হয়। সাডেন ডেথে জয় পায় বাঘারপাড়ার বালিকারা।
দ্বিতীয় ম্যাচে মণিরামপুর উপজেলার বালিকারা ৩-০ গোলে হারায় শার্শা উপজেলাকে। ম্যাচের ১০ মিনিটে গোল করেন টুম্পা। তারই সতীর্থ সন্ধ্যা খেলার ১৭ ও ২০ মিনিটে দু’টি গোল করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের প্রথম খেলায় ঝিকরগাছা উপজেলার বালক দল ১-০ গোলে পরাজিত করে বাঘারপাড়ার উপজেলাকে। দারুণ ছন্দময় ফুটবল শৈলী উপহার দিয়ে গোল পেতে ঝিকরগাছাকে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। গোলটি করেন আশিকুর রহমান। তার করা একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঝিকরগাছার বালক ফুটবল দলটি।
দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে মণিরামপুর উপজেলার বালক দল। তাদের কাছে পরাজিত হয়েছে শার্শা উপজেলা। ম্যাচের আট মিনিটে প্রীতমের গোলে এগিয়ে যায় মণিরামপুর উপজেলা। তবে মণিরামপুর খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি। দশ মিনিট পর রাহুলের গোলে সমতায় ফেরায় শার্শা উপজেলা। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলের জয় পায় মণিরামপুর উপজেলার বালক ফুটবল দলটি।