ঢাকা অফিস
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের দেওয়া নসিহতকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমাদের প্রতিবেশীদের নসিহতের দরকার নেই। আমরা জানি কী করতে হবে এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করব।”
ভারতের মন্তব্য ‘অযৌক্তিক’
উপদেষ্টা আরও বলেন, “ভারতের সাম্প্রতিক বক্তব্যগুলোর মাধ্যমে বাংলাদেশকে নসিহত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সময় প্রহসনমূলক নির্বাচন হলেও ভারত কোনো মন্তব্য করেনি। সেই কারণে বর্তমান সরকারের প্রতি ভারতের পরামর্শ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
নির্বাচন পরিবেশ ও স্বাধীন ভোটের নিশ্চয়তা
তৌহিদ হোসেন বলেন, “বর্তমান সরকার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির কথা বলেছে। এখন যখন দেশ ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এ ধরনের উপদেশ অযৌক্তিক। আমরা এমন নির্বাচন করব যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবেন, তারাই নির্বাচিত হবেন।”
দুই দেশের হাইকমিশনারদের পাল্টা তলব
গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। উপদেষ্টা জানান, এটি কূটনীতিতে স্বাভাবিক প্রক্রিয়া।
শেখ হাসিনার বক্তব্য ও সম্পর্ক বিষয়ক মন্তব্য
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আগে তিনি ভারতে বসে সামাজিক মাধ্যমে বক্তব্য দিতেন, এখন তা মূলধারার গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। এসব বক্তব্যে উসকানি রয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ অস্বাভাবিক নয়।”
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, “বাস্তবতা মেনে চলা সাপেক্ষে বাংলাদেশ গুড ওয়ার্কিং রিলেশনস চায়। তবে সম্পর্ক এগোতে হলে দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে। কিছু বিষয়ে আমাদেরও আপত্তি ও অবস্থান আছে, যা স্পষ্ট।”
