বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার ৫ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী টেংরা গ্রামের তাসলিমা খাতুন বাদী হয়ে মামলা করেছেন।
অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের হলপট্টি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাতমাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরীব অসহায় মহিলা। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে অভিযুক্তরা যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২০ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় ভুক্তভোগী টেংরা গ্রামের তাসলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ জনের নামে মামলা হয়েছে। বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন।
