নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে লঘু অপরাধে দণ্ডিত তিন কারাবন্দিকে মুক্তি দিয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার। গতকাল এ তথ্য জানিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-২ শাখার) নির্দেশে ৭ ডিসেম্বর তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার পদ্মবিলা গ্রামের সৈয়দ আমিনুর রহমানের স্ত্রী আসমা খাতুন, যশোর শহরের শংকরপুর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে রিপন হোসেন (৩৫) এবং শহরের চাঁচড়া এলাকার আব্দুর রহমান বিশ্বাসের ছেলে তুষার হোসেন ওরফে শাহিনুর। এরমধ্যে রিপন ও আসমা খাতুন ব্যাংক লোনের জিম্মাদার ছিলেন (অর্থ জারির মামলায়) এবং তুষার হোসেন ওরফে শাহিনুর সিআর মামলায় সাজাপ্রাপ্ত হন।
জেলার ফোরকান ওয়াহিদ দৈনিক কল্যাণকে বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে লঘু অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত কয়েদিদের মুক্তি প্রদানের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি ৪০১ (১) ধারার ক্ষমতাবলে সরকার সারা দেশে ১২ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করার অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের তিনজনকে মুক্তি প্রদান করেছে। মুক্তি পাওয়া তিন কয়েদির বাড়ি যশোরে। সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা মুক্তি পেয়ে খুশি হয়েছেন।