🔴 ফেসবুকে অপপ্রচার—‘তেল পাম্প পরিদর্শন’ সংক্রান্ত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি
ঢাকা অফিস
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ জিডি দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, ‘Gen Z (FS Gaming)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ‘ফটোকার্ড’ ছড়িয়ে দেওয়া হয়। সেখানে প্রতিমন্ত্রীর নামে দাবি করা হয়—তিনি রাতে অন্তত ১০টি তেল পাম্প পরিদর্শন করেছেন এবং কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট দেখেননি।
তবে জিডি আবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিমন্ত্রী এমন কোনো পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও দেননি। বরং তিনি ওই সময় চট্টগ্রাম ও মাতারবাড়ী এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশের জ্বালানি খাতের অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এই ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
