নিজস্ব প্রতিবেদক
ইবির শিক্ষার্থী যশোরের মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের শংকরপুর এলাকার আবুল বাসারের মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে তানভীর তমাল জিম নামে একজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। আসামি তানভীর তমান জিম কুষ্টিয়া সদর উপজেলার সরদারপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শারমিন আক্তার মামলায় বলেছেন, তিনি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। তানভীর তমাল জিম একই ব্যাচে লেখাপড়া করেন। দীর্ঘ আট বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলমান থাকাবস্থায় ২০২৪ সালের ৩১ অক্টোর রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদরের একটি মসজিদে গিয়ে জিমের এক বন্ধু এবং মামার উপস্থিতিতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য্যে মৌখিকভাবে বিয়ে করেন। এরপর থেকে তারা মেহেরপুরে একটি বাসা ভাড়া করে সংসার জীবন শুরু করেন। এরই মধ্যে গত ২ জানুয়ারি বেলা ১১টার দিকে শারমিন আক্তারকে সাথে নিয়ে জিম যশোরের তার পিতার বাড়িতে আসেন। এসময় কিছু না বলে জিম চলে যাওয়ার চেষ্টা করে। কেন যাচ্ছে জানতে চাইলে বিয়ের কথা অস্বীকার করেন জিম। তাকে বুঝানোর চেষ্টা করা হলে বাদীকে মারপিট করে চলে যায়।
