নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের রামনগরে বিল হরিনায় প্রস্তাবিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক (বিসিক-২) স্থাপনের জন্য সম্ভাবতা যাচাইয়ের খবরে বেকে বসেছেন এলাকার চাষিরা।
এ বিলে শিল্প নগরী গড়ে তুললে নষ্ট হবে এলাকার পরিবেশ ও তিন ফসলী জমি। বেকার হয়ে পড়বে কৃষক ও মৎস্যজীবীরা। এ দাবি করে জমির মালিক ও বিলপাড়ের অধিবাসীরা গতকাল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন রামনগরের আব্দুল আজিজ, তোলা গোলদার পাড়ার শফিয়ার রহমান, অ্যাডভোকেট আবুল কায়েস, আসাদুজ্জামান আসাদ, তোরাব আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ইউনিয়নের রামনগর, কাজিপুর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়া গ্রামের বাসিন্দারের আবাদি জমি বিল হরিনায়। সম্প্রতি বিসিক কর্মকর্তাগণ ও ভূমি অফিসের লোকজন বিল হরিণায় ১৬শ’ বিঘা জমির মাপজোক করে লাল ফ্লাগ টানিয়ে দিয়েছে। অধিগ্রহণের জন্য যে জমির মাপজোক করা হয়েছে তা তিন ফসলি জমি। এই জমিতে শিল্প কারখানা স্থাপন করা হলে আশেপাশের চার গ্রামের প্রায় এক হাজার লোক ভূমিহীন হয়ে পড়বে। সেই সাথে কর্মহীন হয়ে পড়বে প্রায় তিনশত বর্গাচাষী। যাদের জীবন জীবিকা ওই জমির উপর নির্ভরশীল। এছাড়া বিল হরিণায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে সম্প্রদায়ও কর্মহীন হয়ে পড়বে।
তিনি বলেন, বিল হরিণার চার পাশে বসতি রয়েছে। এখানে শিল্প নগরী গড়ে উঠলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে ও বায়ু দূষণ ঘটবে। এছাড়া দেখা দেবে জলাবদ্ধতা। কারণ যশোর শহরের বড় অংশের পানি নিষ্কাশিত হয় হরিণার বিল দিয়ে। যা ওই শিল্প নগরীর জন্য বাধাগ্রস্ত হবে। এজন্য অন্যত্র এ শিল্প নগরী গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।