নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরের এক কলেজ শিক্ষককে উলুঙ্গ করে মারপিট ও মোবাইলে ভিডিও করে ফেসবুকে প্রচার করায় পর্নোগ্রাফি আইনে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২ মার্চ রোহিতা গ্রামের ওই কলেজ শিক্ষক বাদী হয়ে এ মামলা করেছন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে।
আসামিরা হলেন, রোহিতা শেখপাড়ার আবুল কাশেমের ছেলে ইউসুফ হোসেন, মনিরুল ইসলামের ছেলে ফিরোজ রানা, জুলো মোড়লের ছেলে আল-আমিন, রফিক মোড়লের ছেলে রয়েল, মৃত মুনছুর মোড়লের ছেলে জিয়াউল ও জিয়াউলের ছেলে নাহিদ।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে ওই কলেজ শিক্ষকের পূর্বশত্রুতা রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামিদের বাড়ির কাছে পৌঁছালে তাকে মারধর করেন। এক পর্যায়ে তারা তার জামা, লুঙ্গি ও গেঞ্জি খুলে পিঠমোড়া করে হাত বেঁধে অন্ডোকোষ চেপে ধরেন। একই সাথে তারা মোবাইল ফোনে ভিডিও ধারন করেন। গত ২৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে আসামি ইউসুফ হোসেন তার নিজ ফেসবুক আইডিতে ওই ভিডিও ছেড়ে দেন। এতে সমাজে তাকে চরমভাবে হেয়প্রতিপন্ন করায় তিনি পর্নোগ্রাফি আইনে এ মামলা করেছেন।