মণিরামপুর প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন স্বাধীনতা যুদ্ধে বিশ্বে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়।
রোববার বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধু আগেই বুঝতে পেরেছিলেন তিনি পাকিস্তানি শোষক গোষ্ঠী সামরিক জান্তা সরকারের রোষানলে পড়ে গ্রেফতার হতে পারেন। সেই কারণে তিনি নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিয়ে রেখেছিলেন। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালি জাতির উপর হামলা চালানোর পর জাতির পিতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ প্রমুখ।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।