নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের মণিরামপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার নারাজি আবেদন গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও বাকি ৫ আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতিন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নিলুফার শিরিন এই আদেশ দিয়েছেন।
গ্রেফতারি পরোয়ানার আসামিরা হলো, মণিরামপুরের ঘিবা গ্রামের জামশেদ ও টগর এবং সমনের আসামিরা হলো মামুন, জাকির, মারুফ হোসেন, মশিয়ার রহমান ও সালাম।
মামলার বিবরণে জানা গেছে, গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। জমশেদ ও টগর প্রায়ই তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। গত ১৫ ফেব্রুয়ারি রাতে তার বাড়িতে এসে ডাকাডাকি করে বলে তার স্বামী বিদেশ থেকে দুইটি লাগেজ পাঠিয়েছে। এই কথা শুনে ওই গৃহবধূ ঘরের দরজা খোলার সাথে সাথে জামশেদ ও টগর ঘরের মধ্যে ঢুকে ঝাপটে ধরে। অন্য আসামিরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। চিৎকারে ঘরের পাশের রুমে থাকা ছেলে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামিরা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এব্যাপারে থানায় অভিযোগ দিলে মামলা গহণ না কারায় তিনি ১৭ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বুধবার নারাজি আবেদনের উপর শুনানি শেষে বিচারক দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও বাকি ৫ জনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।