নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৫ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ। শারদীয় দুর্গাপূজার প্রথম দিন মহা ষষ্ঠী থেকে মঙ্গলবার বিজয় দশমী পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন। এসব তিনি প্রতিটি মন্দিরের সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। সোমবার রাতে উপজেলার রাজগঞ্জ পূজা মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়।
অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে থাকবে। কোনো স্বাধীনতাবিরোধী শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যাব- এটাই আপনাদের কাছে আমার অঙ্গীকার।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সামনে নির্বাচন, আপনারা সবাই একটু সজাগ থাকবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেটা জনগণের সামনে বেশি বেশি করে তুলে ধরবেন। এসময় তিনি আবারও নৌকা প্রতীকে ভোট চান ও একই সাথে শেখ হাসিনার জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ মোহনপুর সার্বজনীন দূর্গা মন্দির, মশিয়াটি দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। গত কয়েকদিনে উপজেলার অর্ধশতাধিক মন্দির ও মন্দির পরিদর্শন করেন তিনি। প্রতিটি অনুষ্ঠানেই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
