মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরের ঋষি পল্লিতে ধর্ষণ চেষ্টার বিচার না পেয়ে ক্ষোভে-দুঃখে এক নারী (৩৭) আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার মনোহরপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
এর আগে শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় গ্রামের এক লোক। এ ঘটনায় গৃহবধূর স্বজনরা থানায় অভিযোগ করতে গেলে মীমাংসার কথা বলে হুমকি দিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় রাত ১০টার দিকে ইউপি মেম্বর সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
গৃহবধূর স্বামী জানান, শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রামের এক দুর্বৃত্ত তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি বাড়িতে এসে শোনার পর স্ত্রীকে নিয়ে থানায় অভিযোগ করতে যান। বিষয়টি টের পেয়ে কয়েকজন তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেন।
রোববার বিকেলে শালিসি বৈঠক বসে। শালিসে অভিযুক্ত উপস্থিত না হওয়ায় ওই শালিস প্রত্যাখ্যান করেন ক্ষতিগ্রস্ত নারী ও তার স্বজনরা।
একপর্যায় বিচার না পেয়ে ক্ষোভে-দুঃখে সোমবার বিকেলে কীটনাশক পান করে আত্মহত্যা করেন ওই নারী।
ইউপি সদস্য মোস্তফা জানান, সব কিছু মিটমাট করার পরও কেন এমন হলো তা তিনি বলতে পারছেন না।
মনোহরপুর ফাঁড়ি ইনচার্জ বলেছেন, সিরাজ মেম্বরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।