নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর পুলেরহাট বাজার থেকে মঙ্গলবার সকালে ১৪ বোতল মদসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগোনা জেলার ঘাইঘাটা থানার আংরাইল ঝাউডাঙ্গা গ্রামের রবীন্দ্রনাথ গোলদারের ছেলে বাপ্পা গোলদার (৩৬) ও কারোলা গ্রামের স্বপন পালের ছেলে সুব্রত পাল (৩৬)।
পুলিশ জানায়, চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান গোপন সূত্রে খবর পান যে, পুলেরহাট বাজারের জনৈক আব্দুল গনির ফলের দোকানের সামনে দুই ব্যক্তি ভারতীয় মদ বিক্রির জন্য অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন। আটকের পর তারা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে জানান। তারা পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এসেছেন। সূত্র জানায়, তাদের কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
