নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যশোর কোতোয়ালি থানা। মঙ্গলবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘বাংলাদেশে আছে সোনার মাটি ও মানুষ। সেই সোনার মাটি ও মানুষ কাজে লাগিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সারা বাংলার মানুষ কৃষি, শিল্প বিপ্লব করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর যখনই বাংলাদেশ এগিয়ে যায় তখনই ৭১ এবং ৭৫ এর পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করে। তাদের জনগণের উপর আস্থা নেই। এজন্য তারা বিভিন্ন দূতাবাসে ঘুরে বেড়ায়। সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

কোন দুষ্কৃতকারী মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত বা দেশের উন্নয়ন অগ্রগতিতে ব্যাহত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি বলেন, ‘অনেকেই মনে করে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশ নাকি রাজনৈতিক দলের মতো কথা বলে। প্রথমতো আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। বাংলাদেশে কিছু মীমাংসিত বিষয় রয়েছে। সেগুলো মুক্তিযুদ্ধের চেতনা, মূলবোধ আমার জাতির পিতা, আমার সংবিধান এগুলো প্রজাতন্ত্রের কর্মচারী হই, আর সংসদ সদস্য হই বা দেশের অন্যকোন কর্মচারী হই। মীমাংসিত কোন বিষয় নিয়ে কারোও কোন প্রশ্ন থাকতে পারে না। আমরা সেই পুলিশ যে ৭১ রণাঙ্গে প্রতিষ্ঠিত সামরিক সৈন্য বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। ১৯৭৫ সালের পুলিশের সদস্য সিদ্দিকুররা রক্ত ঝরিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য পুলিশ রক্ত ঝরিয়েছে। বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রাখতে রক্ত ঝরিয়েছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন পেশাদারিত্বের সঙ্গে পালন করবে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরমেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ প্রধান অ্যাডভোকেট রবিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জেলা পুলিশ কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক শাহিন ইকবাল। অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
