নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (২৬) ওরফে স্বাধীন আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আব্দুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এর আগে গত ২২ নভেম্বর বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনে পুরাপাড়া এলাকা থেকে এসসিপির নেতাকর্মীরা তাকে আটক করে মারধোর করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিন কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ঘটনার সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
