নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না। এটি একটি চলমান পক্রিয়া। অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায়। সোমবার বিকেলে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। সবাই চাই দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি একদিনে সম্ভব না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও মতবিনিময় সভায় যশোরে পর্যটন খাতে উন্নতি, দুর্নীতিমুক্ত ভূমি অফিসসহ বিভিন্ন দাবি প্রসঙ্গে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বিষয়টি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া হবে। এবং যশোরসহ সারাদেশের ভূমি অফিসে দুর্নীতি বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মতবিনিময় শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরত কামনায় একমিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে সকালে বেনাপোলের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ, শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
