নিজস্ব প্রতিবেদক
যশোরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে। আর যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে শরিয়তপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) ৬৪ জেলার পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার জন্য পুলিশ সুপার রদবদলের জন্য লটারি করা হয়। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি সাংবাদিকদের বলেন, লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নির্বাচিত হয়েছে। তবে ডিএমপির ব্যাপারে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এর আগে গত ৬ অগাস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।
তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগিরই ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে।
