নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের বাঘারপাড়ায় শ্বাসরোধ এবং চোখ উপড়ে ফেলে নকিম উদ্দিন (৬২) নামে এক শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার পাইকপাড়া গ্রামের বেনজির আহম্মেদের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নকিম উদ্দিন একই এলাকার ধুপখালী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামের বেনজির আহম্মেদ গত ২৬ মে ছাতিয়ানতলা বাজার থেকে তিনজন শ্রমিক বাড়িতে নিয়ে যান। এরমধ্যে ২৯ মে বিকেলে একজন সেখান থেকে চলে যায়। ওই বাড়িতে অন্য দুইজন রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে বাড়ি মালিক তাদের দুইজনকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে গিয়ে দেখেন নকিম উদ্দিন মৃত অবস্থায় পড়ে আছে। তার পুরুষাঙ্গ কাটা ও চোখ উপড়ে ফেলানো রয়েছে। কিন্তু নকিম উদ্দিনের সাথে থাকা অপরজন সেখান থেকে এর আগেই পালিয়ে চলে গেছে।
খবর পেয়ে সোমবার সকালে বাঘারপাড়া থানায় লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন।