নিজস্ব প্রতিবেদক
যশোরে ২৬ বছর আইনি লড়াই শেষে সদর উপজেলার আড়পাড়া-শাহাপুর গ্রামের আব্দুল আজিজ পচা হত্যা মামলার নয় আসামি খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের মাধ্যমে হত্যার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় গতকাল বৃহস্পতিবার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু বিষয়টি নিশ্চিত করেছেন।
খালাসপ্রাপ্তরা হলেন, আড়পাড়া-শাহাপুর গ্রামের জিরাপদী মোল্যা, আকরাম হোসেন, নাজের আলী, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, বরকত আলী, আসলাম হোসেন, হযরত আলী ও সিরাজুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, আড়পাড়া শাহাপুর গ্রামের আব্দুল আজিজ পচার সাথে জমি নিয়ে আসামি জিরাপদী মোল্যার বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি বিকেলে জিরাপদী মোল্যার নেতৃত্বে একদল লোক অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুল আজিজের পচার জমি দখল নিতে আসে। এসময় বাধা দিলে জিরাপদী মোল্যার হুকুমে কুপিয়ে জখম করা হয় আব্দুল আজিজ পচাকে। গুরুতর আহত অবস্থায় পচাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। এই ঘটনায় পরদিন নিহতের ছেলে অহেদুর রহমান বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৩ জুন ওই ৯ জনকে অভিযুক্ত ও ৬ জনের অব্যহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
সাক্ষ্য গ্রহণ শেষে অপর ৭ আসামিরা বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে খালাস দেয়ার আদেশ দিয়েছেন। এ মামলার সাক্ষ্য গ্রহণকালে আসামি জিরাপদী মোল্যা ও সিরাজুল ইসলামের মৃত্যু হওয়ায় তাদের আগেই খালাস দেয়া হয়।
