নিজস্ব প্রতিবেদক
যশোরে দুটি বিদেশি পিস্তল ও একটি রিভারবলসহ চরমপন্থি সংগঠনের খুলনা বিভাগীয় কমান্ডার ও তার সহযোগী আটক হয়েছেন। বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) যশোর এর সদস্যরা।
তারা হলেন, চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের কমান্ডার ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল লতিফ লাট্টু (৬০) ও তার সহযোগী ইদ্রিস মন্ডল (৪৫)। আব্দুল লতিফ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার দুব্বাচারা গ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে ও ইদ্রিস আলী একই এলাকার মৃত মঈনুদ্দিন মন্ডলের ছেলে। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৬ এর সদস্যরা।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ১০ জুলাই রাত ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেনাপোল থেকে কয়েকজন চোরাকারবারী যশোরের দিকে আসছে। এসময় ফোর্স নিয়ে বেনাপোল সড়কের দলুর গেট (রেলগেট) পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। এবং সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করা হয়। রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেল চেকিং এর জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করেন। তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
