নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঁদাবাজি মামলার আসামি বিজলী খাতুন ওরফে কথাকে আটক করেছে পুলিশ। তিনি শহরের রেলগেট পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের মেয়ে। রোববার সন্ধ্যায় শহরতলীর ধর্মতলার মোড় থেকে তাকে আটক করা হয়। সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তার জবানবন্দি গ্রহণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক জানান, বিজলী খাতুন ওরফে কথা মাদকাসক্ত। রোববার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান তিনি শহরের ধর্মতলা মোড়ে ফেনসিডিল সেবন শেষে চা পানের জন্য একটি দোকানে অবস্থান করছেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিজলী খাতুন ওরফে কথাকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে অপরাধী চক্রের সদস্য বিজলী খাতুন ওরফে কথা সদর উপজেলার বিরামপুরের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী রেজাকে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ডেকে ষষ্ঠীতলার একটি ভবনে নিয়ে যান। সেখানে চক্রের সদস্যরা তাকে আটকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। মোহাম্মদ আলী রেজা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় তারা তার মোটরসাইকেল কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেন।