নিজস্ব প্রতিবেদক
সারের দাম বৃদ্ধির প্রতিবাদ, সেচের জমিতে লোডশেডিং বন্ধ করা, ঈদের আগে গরীবের জন্য খাদ্য সহায়তা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা কমিটি গতকাল দুপুরে ডিসি অফিসের সামনে এ কর্মসূচি পালন করে।
জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর রহমান, জেলা নেতা পলাশ বিশ্বাস, মাস্টার অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, সাহবুদ্দিন বাটুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার রমজানের সুযোগ নিয়ে আইএমএফ’র সুপারিশে সারের দাম বৃদ্ধি করেছে। বিনা অজুহাতে এই সরকার একাধিকবার সারের দাম বৃদ্ধি করেছে। কেজিতে ৫ টাকা, বস্তাপ্রতি ২৫০ টাকা বৃদ্ধি করে কৃষকের ওপর চাপ সৃষ্টি করেছে। যার প্রভাব কৃষিতে পড়বে এবং বাজারে পড়বে।
বক্তারা বলেন, দেশের অনেক এলাকার কৃষক অধিক ধান পাবে আশায় ব্রি-৬৩ বীজ রোপন করে পথে বসেছে। ধানের বদলে চিটা হয়েছে। এবারও উত্তরবঙ্গে আদিবাসী কৃষক সেচের পানির অভাবে আত্মহত্যার চেষ্টা চালায়। অথচ এই পরিস্থিতিতে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষক বিদ্যুৎ পাচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, জনগণের চরম ভোগান্তি হচ্ছে দেশে পানি নেই। মানুষ খাওয়া গোসলের পানি পাচ্ছে না। আগুন নেভানোর পানি পাচ্ছে না। ভূগর্ভস্থ পানি অধিক ব্যবহারের ফলে পানির লেয়ার নেমে গেছে। চারিদিকে আহাকার। পানি নেই ছায়া নেই। মনে হচ্ছে আমরা মরুভূমিতে বাস করছি। উন্নয়নের নামে নদী নালা খালবিল পুকুর জলাশয় ভরাট দখল করেছে। উন্নয়নের নামে বনভূমি গাছ বৃক্ষ দেদারসে উজাড় করছে। এ পরিস্থিতিতে গরীবকে বাঁচাতে ঈদের আগে খাদ্য সহায়তা দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অবস্থান কর্মসূচির আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
