নিজস্ব প্রতিবেদক
যশোরে দেয়ালে চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে শহরের বেজপাড়া বনানী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ডালিম চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেজপাড়ায় যশোর পৌরসভার অধীনে ড্রেন নির্মাণকাজ চলছিলো। নির্মাণ শ্রমিক ডালিম সেখানে কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
