নিজস্ব প্রতিবেদক: যশোরের বহুল আলোচিত বহিস্কৃত যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারকে আটক করেছে পুলিশ। তিনটি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার থেকে তাকে আটক করা হয়েছে। ইছালি ফাঁড়ি ইনচার্জ মোকারম হোসেন তাকে আটক করেন। এর আগে মাজহারের বিরুদ্ধে ইছালির প্রধান শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকির একটি অডিও ফাঁস হয়। যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারকে সাময়িক বহিস্কার করে কেন্দ্রীয় যুবলীগ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
এদিকে প্রধান শিক্ষককে হুমকির ঘটনার কোতোয়ালি থানায় জিডি করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। আদালতের নির্দেশে ওই জিডির তদন্ত শুরু হলেও পুলিশ তাকে আটক করতে গড়িমসি করে। তবে শেষ পর্যন্ত চেক ডিজঅনার মামলায় মাজহারকে আটক করেছে।