নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা ২২ বোতল বিলাতি মদসহ বলরাম সরকার (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক বলরাম সরকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগুনা জেলার বনগাঁ শহরের রামনগর রোডের মদন সরকারের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় বিদেশি মদ নিয়ে এক যুবক অবস্থান করছে। তাৎক্ষণিক তিনি একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বলরাম। পরে তাকে আটক করে কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ২টি কাঁচের বোতল এবং ২০টি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়। প্রত্যেক বোতল বিলেতি মদ রয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট এবং একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।
