নিজস্ব প্রতিবেদক
যশোরে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে তিন লক্ষাধিক শিশু। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্য়ন্ত জেলা ও উপজেলা হাসপাতালসহ মোট দুই হাজার ২৮৬টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এদিন সকালে উপশহর শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩ লাখ ৩১ হাজার ৩০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
যশোর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় তিন লাখ ৩১ হাজার ৮৪৪ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। তবে তিন লাখ তিন হাজার নয়শত ২৭জন শিশুকে লাল-নীল ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার সাতশত ৭১০ শিশু ও ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ৬৮ হাজার একশত ৫৬ জন শিশু ছিলো। ৫ হাজার ৬৭৭ স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে দুই হাজার ২৮৬টি কেন্দ্রে এ টিকা খাওয়ানো হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ সহ চিকিৎসকবৃন্দ।
