নিজস্ব প্রতিবেদক
যশোরে কোরবান আলীর (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ তার কাছ থেকে একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভিতর এ ঘটনা ঘটে।
পুলিশ কোরবান আলীকে আটক দেখিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, রাত ৯টার দিকে তারা সংবাদ পান আলিয়া মাদ্রাসা এলাকায় স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অস্ত্র ও গুলিসহ কোরবান আলীকে আটক করে এবং যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেছেন, কোরবান আলীর দুই পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। তার বামপা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এদিকে কোরবান আলী জানিয়েছেন, তিনি ভাঙরি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইকোর্ট মোড়ে তার একটি দোকান আছে। তার পাশের দোকানদার তুহিনের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮/১০ জন তার ওপর চড়াও হয়। বাঁশের লাঠি, লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো তা তিনি জানেন না।
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না জানতে চাইলে কোরবান আলী জানান, মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা আছে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন।
