নিজস্ব প্রতিবেদক
খ্রিস্ট ধর্মালম্বীদের প্রায়শ্চিতকালীন আত্মিক উদ্দীপনা সভা বৃহস্পতিবার যশোর কাথলিক চার্চে অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল তোমরা মন ফেরাও: তোমরা মঙ্গলসমারে বিশ্বাস কর। বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে বাইবেল পাঠ, ধর্মীয় গান, প্রার্থনা, পবিত্র শাস্ত্রবাণী উপস্থাপিত হয়।
আত্মিক সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর চার্চের ফাদার যোসেফ নরেন বৈদ্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস বিশ্বাস, লরেন্স পান্ডে, ড. আঞ্জেলা গমেজ । প্রার্থনা সভায় পবিত্র শাস্ত্র ও মুলসূর নিয়ে বক্তব্য উপস্থাপন করেন যশোর ট্রেনিং সেন্টারের পরিচালক ফাদার মেলেসিয়, হেনরী সর্দার, প্রশান্ত বিশ্বাস, রতন বাড়ৈ, ফিলিপ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে সাবিক সহযোগিতায় ছিলেন স্বপন সরকার, ক্যানেড বিশ্বাস, শিশির মৃধা, রিচার্ড বিশ্বাস, জেমস বিশ্বাস, অখিল বিশ্বাস, আঞ্জোলো দাস, রতন সরকার প্রমুখ।
এ সভার আয়োজন সম্পর্কে ফাদার যোসেফ নরেন বৈদ্য বলেন, ২০২২ বছর আগে যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন জেরুজালেমের কালভেরী পর্বতে। পৃথিবীর প্রায় ২০০ কোটি খ্রিস্টান যীশুর মৃত্যুর কথা স্মরণ করে ২২ ফ্রেবুয়ারি থেকে ৭ এপ্রিল (৪০দিন) তপস্যা, প্রায়চিত্ত, ত্যাগ ও সাধনা করেন। ৯ এপ্রিল ইন্টার সানডে পালন করেন। এ সময়কালে যীশুর ভক্তরা স্বল্প আহার করেন ও বেশি বেশি প্রার্থনা করেন।
প্রার্থনা সভায় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের এবং দেশের জনগণের মঙ্গল কামনা করা হয়। রাতের আহারের মাধ্যমে শেষ হয় সভা।
