২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ৬ দফা সুপারিশ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। বুধবার দুপুর ১২টায় টিআইবি’র জুম সভা থেকে এই সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন-যশোর জেলার সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোর্ডিনেটর আবু উজায়ের। সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সনাক সদস্যরা অংশ নেন।
সভায় গত ৫-৬ ডিসেম্বর ২০২১ তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সনাক-যশোর এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ পরিচালিত সেবার মান ও ব্যবস্থাপনা বিষয়ক জরিপ ও পর্যবেক্ষণের আলোকে যশোর জেলার স্বাস্থ্যসেবা বিষয়ে সুপারিশমালা তুলে ধরা হয়। সেগুলো হলো তথ্যবোর্ড ও সিটিজেন চার্টার হালনাগাদ করা। হাসপাতালের একটি ওয়েবসাইট তৈরি, অনুমোদিত পদের বিপরীতে শতভাগ ডাক্তারের পদায়ন নিশ্চিত, হাসপাতালে অভিযোগ নিষ্পত্তি কৌশল কার্যকরী করা, নিয়ম বহির্ভূত অর্থ আদায় বন্ধ করা (যেমন ট্রলি পেতে অর্থ আদায়, আর্থিক লেনদেন এ রশিদ প্রদান না করা) ও ব্রেষ্ট ফিডিং কর্নার পুনরায় চালু করা।
-প্রেসবিজ্ঞপ্তি