নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ভাইপো ও যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলামের ছোট ভাই মাহমুদুল ইসলাম মনা রোববার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুদিন আগে মাহমুদুল ইসলাম মনার গলব্লাডারের স্টোন অপারেশন করা হলেও তার জ্ঞান ফেরেনি। রোববার রাতে তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর সংবাদ শুনে শহরের এইচ এম রোডস্থ’ তার বাসভবন বিএনপির নেতৃবৃন্দসহ এলাকাবাসী ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহমুদুল ইসলাম মনার চাচাতো ভাই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
