নিজস্ব প্রতিবেদক: যশোরে অনুষ্ঠিত মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে সৌখিন স্পোর্টিং ক্লাব। সোমবার মুসলিম একাডেমি স্কুল মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারা ২০-১৭ গোলে পরাজিত করে চুনবিউ ক্রীড়া চক্রকে।
বিজয়ী সৌখিনের পক্ষে খালেদা ছয়টি, হাবিবা চারটি, সানজিদা সাতটি ও শ্যামলী তিনটি গোল করেন। চুনবিউয়ের পক্ষে টুম্পা ও শিফা তিনটি করে, সিমু একটি, শিল্পী আটটি ও নাজমিন করেন দু’টি গোল।
ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সৌখিন ক্রীড়া চক্রের গোলরক্ষক জলি ও লিগ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চুনবিউ ক্রীড়া চক্রের শিফা।
ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় সৃষ্টি ৮-১ গোলে হারায় টাউন ক্লাবকে। সৃষ্টির পক্ষে মাহি চারটি, খাদিজা তিনটি ও ফারজানা একটি গোল করেন। টাউন ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন তিথী।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুসলিম একাডেমি স্কুলের গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান চাকলাদার। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি।
