নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোছা. সাবিরা সুলতানাকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং অভয়নগর সিভিল জজ আদালতের বিচারক গোলাম রসুল এই নোটিশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে সাঁটানো রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার পাওয়া গেছে, যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৭(গ) (৩) অনুযায়ী নিষিদ্ধ। নির্বাচনি প্রচারণায় রঙিন পোস্টার বা দেয়ালে লিফলেট সাঁটানো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
সাবিরা সুলতানাকে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩:৩০ মিনিটে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে এই ব্যাখ্যা দিতে পারবেন। শুনানি অনুষ্ঠিত হবে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালতে।
নির্বাচনী অনুসন্ধান কমিটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সমান সুযোগ নিশ্চিত করতে এবং আচরণবিধি প্রতিপালনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যেই জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত রঙিন পোস্টার ও অবৈধ ব্যানার অপসারণে অভিযান চালাচ্ছে।
