নিজস্ব প্রতিবেদক
যশোরে যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনসহ তিনজন হত্যাচেষ্টা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ছয়জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, শহরের বেজপাড়া কবরস্থান এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ, শংকরপুর হারান কলোনির শামছুরের ছেলে মাহফুজ গাজী, আহমেদের ছেলে তাজুল ইসলাম ওরফে তাজু, শংকরপুর আশ্রম রোডের জহুর আলীর দুই ছেলে ইসহাক ও সাজ্জাদ ওরফে সাজু এবং ষষ্ঠীতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম নিরব।
মামলার বিবরণে জানা গেছে, যশোর পৌর সাত নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিন। গত ১৭ মে সাবেক প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রোগামে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায় ওই এলাকার সাহেদ উর রহমান রনি ও কামাল হোসেন তুহিন বিষয়টির মিমাংশা করে।
এ ঘটনার পর ওইদিন রাত ৮টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরো ১০/১২ জন শংকরপুর আশ্রম রোডে এসে কামাল হোসেন তুহিনের ওপর হামলা চালান। তারা কামাল হোসেন তুহিনকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। সরে যাওয়ায় তুহিন প্রাণে রক্ষা পান। তবে সেখানে থাকা কামাল নামে একজন ট্রাকচালক বোমার আঘাতে গুরুতর জখম হন। এসময় তুহিনকে কুপিয়ে জখম করা হয়। তুহিনের ছেলে রোহান এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে। এরপর তার ভাই দেলোয়ার হোসেন সুহিন রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরের দিন তুহিনের ভাই দেলোয়ার হোসেন সুহিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
