ঢাকা অফিস
জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সবসময়ই কৃষি ও কৃষকের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। অতীতে যেমন পানির প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি বর্তমানে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগের পাশাপাশি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত বাজেটকে ‘সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী’ উল্লেখ করে তিনি বলেন, এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।
কৃষি খাতের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সম্প্রসারণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত তিন মাসে ৯০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শেষ হয়েছে। আগামী পাঁচ বছরে এ সংখ্যা বেড়ে হবে ২০ হাজার কিলোমিটার।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংকটকে অস্বীকার করছে না, আবার সংকটকে অজুহাতও বানাতে চায় না। বরং সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬১টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে পণ্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।
বাজেটের মূল দর্শন তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করাই সরকারের প্রধান লক্ষ্য। একটি বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দেশের তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
