নিজস্ব প্রতিবেদক: বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা ট্রেন গতকাল শনিবার বিকালে যশোর স্টেশনে ঢুকছিল। শহরের রেলগেটে আসার আগেই বাজিয়েছিল হুইসেল। গেটম্যান রেলক্রসিংয়ে থাকা ব্যারিয়ার নামিয়ে চাঁচড়া-দড়াটানা রোড়ের যাত্রীদের থামিয়ে দেন। এসব দেখেও ঝুঁকি নিয়ে ব্যারিয়ার ভেদ করে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার চেষ্টা করেন শামীম হোসেন (২২) ও মামুন হোসেন (২০)। ঝুঁকি নিতে গিয়ে জীবন দিলেন শামীম। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মামুন। দুইজনই সাতক্ষীরার কলারোয়ার বয়েরডাঙ্গার বাসিন্দা।
আহত মামুন জানান, মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা থেকে দুই বন্ধু মিলে যশোরে ঈদ বাজার শেষে বাড়ি ফেরার পথে যশোর শহরের মুজিব সড়কের রেলগেটের রেল ক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনে তাদের মোটরসাইকেলে আঘাত লাগে। এতে শামীম হোসেন ঘটনাস্থলে নিহত হন এবং মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দুইজনকেই যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বিকেলে মামুন নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসে তার বাম পায়ে ইনজুরি এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই সাহিদুর ইসলাম জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা ট্রেনের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও আর একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শামীমের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।