শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে রিয়ামনি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রায়েন্দা তাফালবাড়ি মহাসড়কের কদমতলা শরিফ বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়ামনি কদমতলা গ্রামের বেলাল তালুকদারের কন্যা ও সাউথখালী ইউনিয়নের সিএসবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলাম জানান, শিশু রিয়ামনি অন্য শিশুদের সাথে খেলতে খেলতে অমনোযোগী অবস্থায় মহাসড়কে চলে যায়। এ সময় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে তাফালবাড়িগামী একটি ইজিবাইকের নীচে পড়ে। ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত রিয়ামনিকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কিছুদূর গেলেই পথিমধ্যে তার মৃত্যু হয়।