যশোরে এসএসসি উত্তীর্ণদের অনেকে করোনার ভ্যাক্সিন পায়নি
সালমান হাসান: যশোরে বিশৃঙ্খল হয়ে পড়েছে শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। কেন্দ্রে এসেও টিকা না পেয়ে ফিরে যাচ্ছে অনেকে। এছাড়া টিকার ক্ষুদে বার্তা (ম্যাসেজ) দেয়ার ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করছে গাফিলতি। অনেকে টিকার এসএমএস পাচ্ছে। আবার কেউ কেউ পাচ্ছে না। ফলে অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী এখনও টিকা নিতে পারেনি। এছাড়া সদ্য এসএসসি পাশকৃত অনেক শিক্ষার্থীও এখনও টিকা পায়নি। এমনও অনেক স্কুল-কলেজ আছে শিক্ষার্থীদের টিকা নিতে কোন ম্যাসেজই দেয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরে আড়াই লাখ শিক্ষার্থীকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। ইতোমধ্যে এক লাখেরও বেশি শিক্ষার্থীকে করোনা টিকা দিয়েছে জেলার স্বাস্থ্যবিভাগ।
শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় ভিড় হচ্ছে গাদাগাদি। অন্যের শরীরের সাথে লেপ্টে থেকে টিকা নিতে হচ্ছে। ভিড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ্য হয়ে পড়ায় টিকা না নিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে। হাতাহাতির মতও ঘটনা ঘটছে।
মঙ্গলবার জিলা স্কুলে টিকা কর্মসূচি চলাকালে একদল শিক্ষার্থীর মধ্যে গোলমাল বাধে। তাদের মধ্যে হাতাহাতি ও মারামারিও হয় বলে খবর মিলেছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম বলেছেন, টিকার লাইনে দাঁড়ানো নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মারামারি কোন ঘটনা ঘটেনি।
লাবিবা নওরিন নামে এক শিক্ষার্থী জানান, সকিনা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাশ করেছেন। পরীক্ষার পর থেকে আর স্কুলে যাননি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিকার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। যার কারণে এখনও টিকা নিতে পারেন নি।
যশোর মাইকেল তারা প্রসন্ন স্কুল অ্যান্ড কলেজ (এমএসটিপি) থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাও একই রকম অভিযোগ করেছেন। শরীফা আক্তার দিবা নামে আরেক শিক্ষার্থী জানান, এমএসটিপি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তার মত এসএসসি উত্তীর্ণ অনেকে টিকা পেলেও তিনি টিকা পাননি। স্কুল থেকে টিকার ব্যাপারে কোন ম্যাসেজ দেয়া হয়নি।
দিব্য জ্যোতি মজুমদার নামে এক অভিভাবক জানান, তার মেয়ের স্কুল থেকে টিকা নেয়ার ম্যাসেজ দেয়া হয় আগের দিন বিকেলে। পরের দিন তিনি মেসেজটি দেখতে পান। ফলে টিকা দিতে যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েন।
জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানিয়েছেন, টিকা কার্যক্রমে বাদপড়া শিক্ষার্থীদের তালিকা চলছে। আগামী ২১ কিম্বা ২২ তারিখে জিলা স্কুল অডিটোরিয়ামে তাদের টিকা দেয়া হবে।