নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, একজন মা পারেন তার শিশুকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে। তাই প্রতিটি মাকে হতে হবে সুশিক্ষিত। যে পরিবারে সুশিক্ষিত মা আছে সে পরিবারের প্রতিটি সন্তান দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠার সম্ভাবনা থাকে। মনে রাখতে হবে আজকের শিক্ষার্থী আগামীর দেশ গড়ার কারিগর।
বুধবার দুপুরে শার্শার নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নতুন ভবন ও নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ বানুর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাভারণ কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, কলেজের গভর্নিং বডির সদস্য মোরাদ হোসেন, মোখলেছুর রহমান কাকন, মন্টু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এর আগে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় কলেজ আঙ্গিনায় একটি চেরি ফুলের চারা রোপণ করেন তিনি।