নিজস্ব প্রতিবেদক
যশোরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, ‘কারিগরি শিক্ষা সময়ের যুগপোযোগী শিক্ষা। কারিগরি জ্ঞান ছাড়া কোন জাতিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কারিগরি শিক্ষার অপর নাম হলো হাতে-কলমে শিক্ষা। চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়ার দ্রুত সময়ে উন্নয়নের নেপথ্যে রয়েছে কারিগরি শিক্ষা। তারা কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে। উন্নত দেশে কারিগরি শিক্ষায় বেশি বেশি গুরুত্ব দেয়া হয়। লেখাপড়া শেষ করে তারা কেউ চাকরির দিকে ঝুঁকে পড়ে না। সবাই নিজ নিজ উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করে। এক একজন শিক্ষার্থী এক একজন উদ্যোক্তা তৈরি হন। তাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের মত তৃতীয় বিশে^র জনগণ চাকরি করেন। সেইজন্য কারিগরি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার। বাস্তবসম্মত কারিগরি শিক্ষা চালু হলে বেকারত্বের হার কমে যাবে। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রফিকুল হাসান, যশোর সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার, সহকারী কমিশনার আব্দুল আহাদ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, যশোর সরকারি কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলাম।
এরপর কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত যশোর সরকারি পলিটেকনিক কলেজ পরিদর্শন করেন সচিব ড. খ ম কবিরুল ইসলাম। সেই সময় অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে তিনি শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষকরা এ সময় একগুচ্ছ দাবি তুলে ধরেন।
