নিজস্ব প্রতিবেদক: অবশেষে যাতায়াতের কষ্টের অবসান হতে যাচ্ছে যশোরের সতীঘাটা-ঢাকুরিয়া সড়ক ব্যবহারকারীদের। সড়কটি নতুন করে সংস্কারের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। শিগগিরই ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হবে। ১৪ দশমিক ৪ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৮ কোটি টাকা।
সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সতীঘাটা-ঢাকুরিয়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। আমরা স্থানীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। ইতিমধ্যে জেলা মহাসড়ক পিএসসির (সড়ক-মেজর) আওতায় ১৪ দশমিক ৪ কিলোমিটার সড়কটি নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।
বর্তমানে চলছে দরপত্র মূল্যায়ন কাজ। শিগগিরই ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হবে। সড়কটি নির্মাণে ব্যয় হবে ১৭ কোটি ৭৫ লাখ টাকা।
মণিরামপুরের ঢাকুরিয়ার প্রদাপকাটি গ্রামের বাসিন্দা প্রবীর কুমার দাস বলেন, সতীঘাটা-ঢাকুরিয়া সড়কটি গত এক যুগের বেশি সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সড়কটি দিয়ে কোন রোগী গাড়িতে চলাচল করলে তিনি আরও অসুস্থ হয়ে পড়তেন।
যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, সতীঘাটা-ঢাকুরিয়া সড়কটি মরণফাঁদ ছিল। সড়কটি দিয়ে যেসব গাড়ি চলাচল করে সেসব গাড়ির মালিকদের ডেমারেজ দিতে হতো। প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হতো। সড়কটি নতুনভাবে সংস্কারের উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানাচ্ছি সংশ্লিষ্টদের।