নিজস্ব প্রতিবেদক
সুধী সমাজের সাথে সম্প্রতি আত্মপ্রকাশ করা বৈষম্য বিরোধী সনাতন সমাজের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠন গঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার কতিপয় নেতৃবৃন্দ তাদের অধীনের থাকা অনেক মন্দির কমিটি কোন নোটিশ ছাড়া অনৈতিকভাবে বাতিল করে দেন। এমনকি ওই সকল মন্দিরের নেতৃবৃন্দকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এছাড়া সর্বশেষ পূজা উদযাপন পরিষদের নির্বাচনে তৎকালীন এক সংসদ সদস্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভোটারদের প্রভাবিত করেন। এছাড়া বর্তমান কমিটির অনেক নেতা সনাতন ধর্মালম্বীদের কোন স্বার্থ সংরক্ষণ না করে নিজেদের পছন্দের লোককে বিভিন্ন কমিটিতে বসিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন। এজন্য অনেকে চরম বৈষম্যর শিকার হয়েছেন। এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরের আত্মপ্রকাশ ঘটেছে।
যেখানে সনাতন ধর্মালম্বীদের সুনাম ক্ষুণœ হবে সেখানেই হাজির হবে বৈষম্য বিরোধী সনাতন সমাজ।
মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোরের সাবেক সভাপতি অসীম কুন্ডু, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা চৌগাছার মহাবেদ চন্দ্র রায়, সংগঠনের সদস্য সচিব অকিল চক্রবর্তী, বিষ্ণু সাহা, শিক্ষাবিদ কার্তিক চন্দ্র রায়, বিষ্ণ কুমার সাহা, দীপ শিখা বিজ্ঞান ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র ধর, নীলগঞ্জ মহাশ্মশান যশোরের সাবেক সাধারণ সম্পাদক সনাৎ সাহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কিশোর সাহা।
