নিজস্ব প্রতিবেদক
হেরোইন চোরাচালান মামলায় যশোর শহরের বেজপাড়ার তাজেম ওরফে তাজিম ওরফে তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্ত রানী দাস এই আদেশ দেন। আসামি তাইজেল বেজপাড়ার নলডাঙ্গা রোডের মৃত শাহেদ আলী মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ নভেম্বর সন্ধ্যার পর কোতোয়ালি থানা পুলিশের এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম চাঁচড়া চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালায়। রাত ৮টা ৫০ মিনিটের দিকে তাইজেলকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তার ডান পায়ের উরুতে বিশেষ কায়দায় স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি এক রাউন্ড গুলি ভর্তি ওয়ান শুটারগান এবং বাম পায়ে স্কসটেপ দিয়ে মোড়ানো একটি টোপলায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অস্ত্র ও মাদক মামলা পৃথক হয়ে যায়। মাদক মামলাটি তদন্ত করেন এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান। ২০১৬ সালের ৩১ জানুয়ারি তাইজেলকে অভিযুক্ত করে আদালতে তিনি চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রোববার রায় ঘোষণার দিনে বিচারক আসামি তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে অতিরিক্ত পিপি এসএম আব্দুর রাজ্জাক জানান, মাদক আইনের মামলায় বিচারক এই রায় দিয়েছেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক রায় দেয়া হবে।
