বৃহস্পতিবার সকালে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় জয়তী সোসাইটি এর ৪০০ ষাটোর্ধ্ব মায়েদের ফল খাওয়া উৎসব। এই সব মায়েদের অনেকেরই কোন সন্তান নেই। আবার যাদের সন্তান আছে তারা পরিবারের কাছে নিগৃহীত। এই বয়সে এসে মায়েরা একা হয়ে পড়েছেন, পরিবার থেকে অনেকেই বিচ্ছিন্ন। তাদের কথা শোনার লোকের বড় অভাব। মায়েদের নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে জয়তী সোসাইটি ২০০৮ সালের ৮ মার্চ প্রতিষ্ঠা করে জয়তী ষাটোর্দ্ধ নারীসেবা কর্মসূচি। মায়েদেরকে একটু প্রশান্তি দেয়ার লক্ষ্যে জয়তী সোসাইটি মায়েদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফল উৎসব এর মধ্যে অন্যতম।
প্রতি বছর এই মায়েদেরকে নিয়ে মধু মাসে ফল খাওয়া উৎসব আয়োজন করা হয়। যেখানে মায়েরা অত্যন্ত তৃপ্তি সহকারে বিভিন্ন রসালো ফল খেয়ে থাকেন। আজ মায়েদেরকে খাওয়ানো হয়েছে আম, কাঁঠাল, কলা, চিড়া, দই, মুড়ি ও মিষ্টি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গোমেজ, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক ও কর্মসূচির সম্পাদক অর্চনা বিশ^াস মায়েদের নিয়ে স্বাগত বক্তব্য রাখেন। জয়তী এই ব্যতিক্রম আয়োজনে উপস্থিত সকলে উচ্ছ্বাসের সাথে অনুভূতি ব্যক্ত করেন।