নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, গণতান্ত্রিক সরকারই দেশের মানুষের স্বস্তি, শান্তি ও উন্নয়ন উপহার দিতে পারে। তাই অচিরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।
গতকাল বেনাপোল পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনাপোলের সান রুফে এ সভা অনুষ্ঠিত হয়।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিএনপি ৩১ দফা দিয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। কারণ বিএনপি বিশ্বাস করত একদিন স্বৈরাচারের পতন হবেই।
তিনি আরও বলেন, যতদিন দেশে মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না, ততদিন আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। মফিকুল হাসান তৃপ্তি আগামী ১৮ ফেব্রুয়ারি যশোরে জনসভার সফল করার সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে বলেন এবং জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিমুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, নাসিমুল গনি, রেজাউল করিমসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
