নিজস্ব প্রতিবেদক
অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষায়িত চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ২০ শয্যা বিশিষ্ট যশোরের আল হায়াত হাসপাতাল। সাধারণ মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা করে সোমবার দুপুরে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অত্যাধুনিক এই হাসপাতালটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যমুনা টেলিভিশন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুলসহ চিকিৎসক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা।
আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত ও নিশ্চিত সেবার লক্ষ্যে আল হায়াত হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে থাকবে তিনজন ডাক্তারের সমন্বয়ে জরুরি বিভাগ। এছাড়াও বহিঃবিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়োমিত রোগী দেখবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। রয়েছে সল্পমূল্যে ১২টি অত্যাধুনিক বেড সম্বলিত কেবিনের সুবিধা। এছাড়াও পুরুষ ও মহিলা আলাদা আলাদা ৩ ও ৫ বেডের সাধারণ ওয়ার্ড রয়েছে।
হাসপাতালটির চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। নামমাত্র খরচ নেওয়া হবে। এখানে আছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে। ৩জন অভিজ্ঞ মেডিসিন, নিউরো মেডিসিন, নাক কান গলা, গাইনি ও সার্জারি ডাক্তারের সমন্বয়ে বিশেষায়িত জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, অক্সিজেন ব্যবস্থা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থাসহ ফার্মেসি সুবিধা রয়েছে। ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।
