নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে যশোরের কিশোররা। রোববার মাগুরা স্টেডিয়ামে নড়াইলকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে অমিত কুমার নয়নের শিষ্যরা।
ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে খুলনা বিভাগীয় পর্যায়ের সেমিফাইনালে খেলবে যশোর। তারা আগামী মঙ্গলবার চুয়াডাঙ্গা ভেন্যুতে সেমিফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরা।
ঘন কুয়াশার কারণে এদিনের ম্যাচ নির্ধারিত সময়ের দুই ঘন্টা ২০ মিনিট পর শুরু হয়। টস জিতে ব্যাট করতে নেমে যশোরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ওভার দুই বলে মাত্র ৬২ রান করে। ব্যাট হাতে নড়াইলের আফিফ ২১ বলে একটি চারে পাঁচ, আল রাফি ২০ বলে তিনটি চারে ১৭, নেহাল ১০ বলে এক, ইসমাইল ২৯ বলে একটি চারে ১৫, গালিব ২২ বলে পাঁচ, হুসাইন পাঁচ বলে শুণ্য, মেহেদী ১৮ বলে অপরাজিত তিন, শিহাব ১১ বলে একটি চারে আট, সামিউল সাত বলে দুই ও সন্দীপ ছয় বলে শূণ্য রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ছয় রান।
বল হাতে যশোরের আদিয়ান হাসান ১৭, আফিফ হাসান লিখন দুই ও আল জান্নাত জিহাদ ১৭ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নেন সাজ্জাদুল ইসলাম স্বপ্ন ও সিয়াম হাসান।
জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার পাঁচ বলে আট উইকেট হাতে রেখে জয়ের উল্লাসে মেতে ওঠে যশোরের কিশোররা। যশোরের ব্যাটিং ইনিংসে ফাহিম শাহারিয়া ৪১ বলে দু’টি চারে ১৫, সাবিন ওহী ২৬ বলে একটি চারে ১০, আল জান্নাত জিহাদ ১৩ বলে দু’টি চারে অপরাজিত ১৪ ও ওয়ালিদ ১০ বলে একটি চারে অপরাজিত ছয় রান করেন। নড়াইলের মেহেদী ১৮ ও সন্দীপ ছয় রানে নিয়েছেন একটি করে উইকেট।
দলের কোচ অমিত কুমার নয়ন দলের এই সাফল্যে আনন্দিত। তবে বিভাগীয় পর্যায়ে সেমিতে প্রতিটি দলই যোগ্যতার প্রমাণ দিয়ে উঠে এসেছে। সে কারণে মূল লড়াইটা হবে চুয়াডাঙ্গাতে। এখানে আমরা প্রত্যাশা করি ভাল ফল করার। সে জন্য তিনি যশোর বাসীর দোয়া কামনা করেছেন।
