নিজস্ব প্রতিবেদক :
শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের শিরোপা ধরে রাখার মিশনে দারুন শুরু করে যশোর। তবে দ্বিতীয় ম্যাচে এসে হেরে গেছে তারা। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে এক উইকেটে বরিশাল জেলার কাছে হেরেছে হাবিবুল বাশারের শিষ্যরা।
যশোর প্রথমে ব্যাট করে ১২২ রানে গুটিয়ে যায়। তবে এই রানে ৪৮ ওভার পর্যন্ত আটকে রেখেছিল যশোরের বোলাররা। তুলে নিয়েছিল প্রতিপক্ষের ৯ উইকেট। তবে শেষ রক্ষা হয়নি। হেরেছে এক উইকেটে।
বরিশালের আয়াজ লাল ধরে রেখেছিলেন একপ্রান্ত। মূলত লালের কাছে হেরেছে যশোর। লাল ১০৫ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫৬ রান করেন। এর পাশে জিহাদুল হক অপরাজিত ১৬ রান করেন। যশোরের সোহান ১৯ রানে ৩টি, রাইসুল ইসলাম ২, রাহুল, বারিকুল ও শাহিদুজ্জামান সাদ ১টি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক অভিক ঘোষ বিল্টু। ঢাকা তৃতীয় বিভাগ লিগে খেলতে যাওয়া গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আজিজুল হাকিম তামিমকে ছাড়াই ব্যাটে নামে যশোর। প্রায় ৮ ওভার ক্রিজে থেকে স্কোর বোর্ডে ২৩ রান করেন যশোরের দুই ওপেনার বারিকুল ও হোসাইন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৪৪ ওভার ২ বল খেললেও ১২২ রান করতে পারে। সাত নম্বরে ব্যাট করতে নামা অফ স্পিনার সোহান হোসেন সর্বোচ্চ ২৪ রান করে। ৫৪ বলের ইনিংসে ছিল ২টি ছয়ের মার। হোসাইন ১৫ ও বাঁহাতি পেসার রাহুল হোসেন ১১ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার হতে পারেনি। বরিশালের পক্ষে জিহাদুল হক ৪টি ও জহিরুল ইসলাম ৩টি উইকেট দখল করেন।