নিজস্ব প্রতিবেদক: শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের যশোর ভেন্যুর বুধবারের ম্যাচে বড় জয় পেয়েছে বরিশাল জেলা। শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১৮৯ রানে মাগুরা জেলাকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে বাঁহাতি স্পিনার মারুফ হোসেনের ঘূর্ণিতে ২২ ওভার ৫ বলে ৬৬ রানে গুটিয়ে যায় মাগুরার দলীয় ইনিংস।
বরিশালের হয়ে ব্যাট হাতে আনিসুর রহমান ১৪১ বলে ১১ চারে ৮৬, আলি সাইফার ১২০ বলে ৫ চার ও ১ ছয়ে ৮৪, জুনায়েদ হাসান ১ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ১৮ বলে ৩৪ রান করে।
বল হাতে মাগুরার জিসান ৪২ রানে তিনটি এবং মহায়মিনুল আকবর ও আব্দুল আল মামুন ১টি উইকেট দখল করে।
অপরদিকে মাগুরার হয়ে ব্যাট হাতে আশরাফুল ইসলাম ৪০ বলে ৩ চারে সর্বোচ্চ ২৪ রান করে। অতিরিক্ত থেকে আসে ২০ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
বরিশালের বল হাতে মারুফ হোসেন ৬.৫ ওভারে ২টি মেডেনসহ ২২ রানে ৬টি, আলী হোসেন ১৪ রানে ২টি, খায়রুল ইসলাম ও জাইদুল হক ১টি করে উইকেট দখল করে।