নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনে আমরা প্রস্তুত আছি এবং আমরা সহযোগিতা করবো। এ ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।
বুধবার (১৪ আগস্ট) সকালে যশোর বিমানবন্দর পরিদর্শন করেন এবং বিমান বাহিনী প্রধান ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিমান বন্দরে বিমান বাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিমান বাহিনীর প্রধান বলেন, বিমান বাহিনী হিসেবে প্রথম থেকেই আমরা তৎপর ছিলাম।
আমাদের কাজ হচ্ছে এভিয়েশন রিলেটেড। সিভিলেভিয়েশনেও আমাদের অনেক সদস্য আছেন, চেয়ারম্যানও আছেন। সেক্ষেত্রে আমরা প্রথমেই ভেবেছিলাম বিমানবন্দরটাকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে হবে। বিশ্বের সাথে বিভিন্ন মালামাল বহন করা হয়। বিমানবন্দর গুলোতে বিভিন্ন দেশের বিমান আসে। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশের নামি-দামি অনেক বিমান থাকে। সেখানে যদি কোন বিমানে কোন প্রকার দুর্ঘটনা ঘটতো তাহলে আন্তর্জাতিকভাবে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারতো। সেই কথা বিবেচনা করে ঢাকা বিমানবন্দরে বিমান সেনাদের নির্দেশ দিয়েছিলান। একইসাথে চট্টগ্রাম, কক্সবাজার, যশোসহ সকল বিমানবন্দরে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমানবাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সব ফ্লাইট সময়মতো ওঠা-নামাসহ নিরাপদ পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিমানবাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
