আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মার্কিন নাগরিক ও বিনিয়োগকারীদেরকে যদি বাংলাদেশ আশ্বস্ত করতে পারে যে, বিশ্বের অন্যান্য বাজারের তুলনায় এখানে দুর্নীতির হার কম, তাহলে দেশটি আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘কল টু অ্যাকশন এগেইনস্ট করাপশন সামিট’-এ রাষ্ট্রদূত আরও বলেন, “দুর্নীতি হল পরজীবীর মতো, যা একটি সমাজের সম্পদকে ধ্বংস করে এবং এর শক্তি নষ্ট করে দেয়। এটি দেশের ব্যবসা-বাণিজ্য এবং সরকারের প্রতিটি স্তরকে ধ্বংস করে দিতে পারে।”
তিনি বলেন, দুর্নীতি দূর করার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন এবং এদেশে আরও বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:পুতিন কি গ্রেপ্তার হবেন
“যে উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক মান ও বিধিবিধান পূরণ করতে সক্ষম হবে, আমরা সে উদ্যোগগুলোকে সমর্থন করি। এটি এ দেশের ব্যবসা-বাণিজ্যকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে,” বলেন রাষ্ট্রদূত।
তিনি উল্লেখ করেন, নৈতিক ব্যবসায়িক অনুশীলনের বিষয়টি প্রচারের মাধ্যমে সব আকারের ব্যবসার জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা যেতে পারে; এবং এতে করে এদেশে আরও বিদেশি বিনিয়োগ আসতে পারে।
সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, এমন অনেক সুযোগ-সুবিধা বাংলাদেশের রয়েছে বলে উল্লেখ করেন পিটার হাস। তিনি বলেন, “কিন্তু আমেরিকান ব্যবসায়ী নেতারা আমাকে বলেছেন, বহু-জাতিক সংস্থাগুলোর কাছে তাদের বিনিয়োগের বিকল্প রয়েছে।”
তিনি বলেন, যে দেশে দুর্নীতি কম, আমলাতান্ত্রিক জটিলতা কম, আইনের শাসন সর্বোচ্চ এবং ব্যবসার জন্য সর্বোত্তম লজিস্টিক অবকাঠামো রয়েছে, সে দেশেকেই বিনিয়োগের জন্য বেছে নেবেন ব্যবসায়ীরা।
সুতরাং, বাংলাদেশ যদি বিদেশি নাগরিক এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারে যে, এখানে দুর্নীতির মাত্রা বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় কম, তাহলেই আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমর্থ্য হবে।
আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবসানের আহ্বান, ১২-দফা শান্তি প্রস্তাব চীনের
